অসাধারণ শুরুটা ‘মাটি’ করে দিলেন সাঙ্গাকারা আর চান্দিমাল!

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৪৮
প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে কাল বাংলাদেশের বোলাররা অসাধারণ শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কলম্বো টেস্টের দ্বিতীয় দিনটাকে বাংলাদেশের বলা যাচ্ছে না কুমার সাঙ্গাকারা আর দিনেশ চান্দিমালের কারণে। এই দু’জনের দুটি সেঞ্চুরিতে দিনের শুরু ও শেষের ব্যাটিং বিপর্যয়ের পরও শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে গতকাল পর্যন্ত ৬ উইকেটে ২৯৪ রান তুলে ফেলেছে। অর্থাত্ বাংলাদেশের চেয়ে ৫৪ রানে এগিয়ে গেছে স্বাগতিকরা। হাতে আছে এখনো ৪ উইকেট। এর আগে প্রথম দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়েছিল। গতকাল ১ উইকেটে ১৮ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দিনের শুরুতেই দুই পেসার আবুল হোসেন ও রবিউল ইসলাম এবং স্পিনার সোহাগ গাজী চেপে ধরেন লঙ্কানদের। ফলে সকালে ৫১ রান যোগ করতেই আরো তিন উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। লাঞ্চের আগে শ্রীলঙ্কা আগের দিনের সঙ্গে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান যোগ করে। স্কোর তখন ৪ উইকেটে ৮১। এখান থেকেই অসাধারণ এক জুটি গড়ে শ্রীলঙ্কাকে খাদের কিনার থেকে টেনে তোলেন সাঙ্গাকারা ও চান্দিমাল। উইকেটবিহীন দ্বিতীয় সেশন ও তৃতীয় সেশনের বেশ খানিকটা সময় কাটিয়ে দু’জনে ৫ম উইকেটে ১৯৫ রান যোগ করেন। চান্দিমাল আউট হওয়ার আগে ১৭৬ বলে ১০২ রানের ইনিংস খেলে গেছেন। এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি গত টেস্টেই করেছেন। তবে দিনের আসল নায়ক সাঙ্গাকারা। বাংলাদেশের বিপক্ষে রান উত্সব ধরে রেখে টানা তৃতীয় ইনিংসে সেঞ্চুরি করে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ ৫টি ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি ও ৩টি সেঞ্চুরি তার! গতকাল দিনশেষে ২৭১ বলে ১২৭ রানে অপরাজিত আছেন শ্রীলঙ্কান এই গ্রেট ব্যাটসম্যান। তবে সাঙ্গাকারা ও চান্দিমালের তৈরি করা এই দারুণ হতাশার মধ্যেও দিনশেষে বাংলাদেশকে একটু সুখবর এনে দিয়েছেন রুবেল হোসেন। ১৬ রানের ব্যবধানে চান্দিমাল ও তরুণ ভিতাঙ্গেকে আউট করে বাংলাদেশকে কিছুটা হলেও খেলায় ফিরিয়ে এনেছেন।