সিলেট নগর জামায়াত আমীর এহসান মাহবুব ঢাকায় গ্রেফতার

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৪৮
রাজধানীর উত্তরায় র্যাব অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমীর এহসান মাহবুব জুবায়েরকে (৪৮) গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ভাঙচুর ও বিস্ফোরক আইনে ১৩টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি ঢাকা উত্তরা হোটেল গার্ডেন রেসিডেন্সে আত্মগোপন করেছিলেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দেয়া না হলে বুধবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সিলেট নগর জামায়াত। র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান জানান, র্যাব জানতে পারে উত্তরা ১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে অবস্থিত হোটেল গার্ডেন রেসিডেন্সের ৩০৩ নম্বর কক্ষে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমীর এহসান মাহবুব আত্মগোপন করে আছেন। তিনি ঐ কক্ষে অবস্থান করে ঢাকায় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছিলেন। শনিবার রাত তিনটার দিকে র্যাবের একটি দল ঐ কক্ষ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রবিবার দুপুরে র্যাব-১ কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সিলেটের দরগাহ মহল্লায় ৮৪/২, এহসান মাহবুবের বাড়ি। সম্প্রতি সিলেটে জামায়াতে ইসলামীর বিভিন্ন ধ্বংসাত্মক কাজে এহসান মাহবুব নেতৃত্ব দিয়েছেন বলে র্যাব জানিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করার জন্য সিলেট শহরে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। এহসান মাহবুবকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সিলেট অফিস জানায়, মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গতকাল ভোরে ঢাকার উত্তরার গেস্ট হাউস থেকে আটকের প্রতিবাদে ও মুক্তি দাবিতে আগামী বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত-শিবির। এর ফলে টানা তিনদিনের হরতালের গ্যাঁড়াকলে পড়েছে সিলেট। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের দেশব্যাপী হরতালের পর বুধবারও সিলেটে হরতাল থাকবে।