ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবেন সাঈদী

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৪৮
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ২/১ দিন পূর্বে এ আপিল দায়ের করা হবে। বর্তমানে আপিল আবেদন প্রস্তুতির কাজ করছেন ডিফেন্স টিমের কৌঁসুলিরা। আপিলে তার মৃত্যুদণ্ড বাতিল এবং মানবতাবিরোধী অভিযোগ থেকে বেকসুর খালাসের আবেদন জানানো হবে জানা গেছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে। সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত ২০টি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনালে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ফলে বাকি ৬টি অভিযোগে তাকে আর আলাদা করে কোন শাস্তি আরোপ করেনি ট্রাইব্যুনাল। এছাড়া প্রমাণিত না হওয়ায় বাকি ১২টি অভিযোগ থেকে জামায়াতের এই নেতাকে খালাস দেয়া হয়েছে। আইনানুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালের দণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার বিধান রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাঈদীর অন্যতম কৌঁসুলি এডভোকেট এম তাজুল ইসলাম ইত্তেফাককে বলেন, আমরা ‘ডিফেন্স টিম’ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মাসের শেষ দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হবে।