স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপির ডাকা আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের হরতালে কারো প্রাণহানি হলে তার দায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে নিতে হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তিনি আরো বলেন, হরতালের নামে নৈরাজ্য প্রতিরোধে সরকার সর্বাত্মক ব্যবস্থা নেবে। কারণ গত শনিবার বিকালে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক জনসভায় ১৮ ও ১৯ মার্চ হরতাল পালনের আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, এদের (সরকার) বিদায়ের জন্য হয়ত আরো কিছু প্রাণহানি হবে। তারপরও সরকার পতনের জন্য আমাদের রাস্তায় নামতে হবে। এই বক্তব্য দিয়ে আইনের দৃষ্টিতে খালেদা জিয়া অন্যায় করেছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনা সভায় খালেদা জিয়ার বক্তব্যকে ‘দণ্ডবিধি অনুসারে অপরাধ’ বলে উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হরতালে কোনো প্রাণহানি হলে তার দায়ও খালেদা জিয়াকে বহন করতে হবে। এবারের হরতালে সরকারসহ আইন-শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স দেখাবে বলে তিনি জানান।
