সংলাপ নাকচ করে খালেদা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন :হানিফ

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৭
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সংলাপের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব; কিন্তু খালেদা জিয়া সংলাপের পথ পরিহার করে সংঘাতের পথ বেছে নিয়েছেন। উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। তার সংলাপ নাকচ করার মতো অগণতান্ত্রিক সিদ্ধান্ত জাতির জন্য দুর্ভাগ্যজনক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার ভোরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সংলাপ পরিহার করে জামায়াত-শিবিরকে উসকে দিয়ে খালেদা জিয়া দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না এটা বুঝতে পেরেই তিনি এই ষড়যন্ত্রের পথ বেঁছে নিয়েছেন। জনগণের নিরাপত্তার স্বার্থে তাণ্ডব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সংঘাতের পথ পরিহার করে বিরোধী দলকে সংলাপে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। যেকোনো জায়গায় যেকোনো সময় সংলাপ হতে কোনো অসুবিধা নেই। বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে উল্লেখ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, জনগণও চায় বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়ুক। এতে অনেক রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব হবে। বর্তমান পরিস্থিতিতে ওয়ান ইলেভেনের মতো তৃতীয় শক্তি আসার কোনো সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, তেমন কোনো আশংকা নেই। দেশের জনগণ সরকার ও আওয়ামী লীগ মনে করে, ওয়ান ইলভেনের কোনো সম্ভাবনাই নেই।