সংখ্যালঘুদের উপর বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে ও গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি জানাতে ঢাকা অভিমুখে লং মার্চ করার পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ সোমবার ঢাকা অভিমুখে ত্রিপুরা বিজেপি পার্টির কর্মীরা এ লং মার্চ করবে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই ও টাইমস অব ইন্ডিয়াসহ দেশটির বেশ কয়েকটি পত্রিকার অনলাইন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিজেপি’র ত্রিপুরা ইউনিটের প্রেসিডেন্ট সুধীন্দ্র দাসগুপ্ত বলেন, এ লং মার্চে ৭শ’র বেশি বিজেপি নেতাকর্মীরা অংশ নেবে। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভকারী তরুণদের গণজাগরণ মঞ্চের সাথে সংহতি প্রকাশ করবে। এনডিটিভি’র অনলাইন প্রতিবেদনে বলা হয়, আগরতলা প্রেসক্লাব থেকে দুপুর ১২ টায় এ লং মার্চ শুরু হবে এবং আগরতলার আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সুধীন্দ্র বলেন, আমরা জানি এ প্রতিবাদ মার্চ বাংলাদেশে প্রবেশের অনুমতি পাবে না। কিন্তু সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর হামলার ঘটনায় আমরা চুপ হয়ে বসে থাকতে পারি না।
তিনি হিন্দুদের উপর হামলার বিবরণ তুলে ধরে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। এ প্রতিবাদ লং মার্চে পাঁচ দফা দাবি থাকবে। এর মধ্যে, সংখ্যালঘু পরিবারগুলোকে ক্ষতিপূরণ, মন্দির, বাড়িঘর সংস্কার অন্যতম। তিনি দাবি করেন, দেশভাগের পর পূর্ব পাকিস্তানে ৪৬ শতাংশ হিন্দু ছিলো। মুক্তিযুদ্ধের পর তা দাঁড়ায় ২৮ শতাংশে। কিন্তু কট্টরপন্থী/মৌলবাদীদের হামলার কারণে তা ১০ শতাংশে নেমে এসেছে। তিনি বলেন, এ সংখ্যালঘুদের দুর্দশার বিষয়টি কেন্দ্রের কাছ তুলে ধরেছে বিজেপি। এছাড়া গত ৫ ফেব্রুয়ারি থেকে চলা গণজাগরণ মঞ্চকে সংহতি জানানো হবে। গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশে ত্রিপুরার সাংস্কৃতিক ব্যক্তিরা নানা কর্মসূচি পালন করে আসছে।
এদিকে বিজেপি’র লং মার্চ ঘোষণার পর সীমান্ত পরিস্থিতি কী হবে এ বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ইত্তেফাককে বলেন, এই ধরনের কর্মসূচিতে সাধারণত তারা জিরো পয়েন্ট পর্যন্ত আসে। সেখানে এসেই সংহতি প্রকাশ করে চলে যায়। এর আগেও গণজাগরণ মঞ্চের প্রতি সংহতি প্রকাশ করতে তারা জিরো পয়েন্ট পর্যন্ত এসেছিল। আর সীমান্তে কিছু আইন-কানুন তো আছে। তারা ইচ্ছে করলেই বাংলাদেশের ভেতরে আসতে পারবে না। এখানে আমাদের যেমন দায়িত্ব আছে, তেমনি বিএসএফেরও দায়িত্ব আছে। বিএসএফও তো কাউকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সুযোগ দিতে পারে না।
