ধর্ম অবমাননায় শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করুন

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৮
আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সুন্নি ওলামা মাশায়েখ সম্মেলনে বক্তারা ধর্ম অবমাননার জন্য শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। দেশে বিরাজমান নাজুক পরিস্থিতিতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নাস্তিকদের সাথে নয়, সরকারের উচিত ওলামাদের সঙ্গে নিয়ে বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় অনুসন্ধান করা। জামায়াত-শিবির এদেশে খারেজী, কাদিয়ানি ও মওদুদী ফিত্না প্রচারের মাধ্যমে কোরান-সুন্নার অপব্যাখ্যা করে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করে আসছে দাবি করে বক্তারা বলেন, তাদের ভ্রান্ত মতবাদের কারণে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। পবিত্র জিহাদের নাম দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য সরলপ্রাণ মুসলমানদের সন্ত্রাস ও জঙ্গিবাদে উস্কানি দিচ্ছে জামায়াত-শিবির। অতীতে জঙ্গিবাদে জড়িত ব্যক্তিদের অনেকেই জামায়াত-শিবিরের রাজনীতি ও কওমী মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট। দেশের শীর্ষ আলেমদের হত্যা পরিকল্পনার প্রতিবাদে এবং দেশের নাজুক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে গতকাল রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সম্মেলন আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ার-ম্যান আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী। বক্তব্য রাখেন আল্লামা সাইফুর রহমান নেজামী, সংগঠনের মহাসচিব আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, আল্লামা মুফতি ইদ্রিস রেজভী, আল্লামা আজিজুল হক আল কাদেরী, আল্লামা সৈয়দ নুরুল মনোওয়ার, অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, আল্লামা শামসুদ্দোহা বারী, মাওলানা এমএ মান্নান, মাওলানা এমএ মতিন প্রমুখ।