কারাবন্দী আলেম ও ইমামদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং ইসলাম ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননার প্রতিবাদে রাজশাহীতে হেফাজতে ইসলামের ব্যানারে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের রাজশাহী জেলার সভাপতি ও মালোপাড়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ। বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া ও আব্দুল্লাহ আল মসাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, ‘নাস্তিক ব্লগাররা রাজশাহীতে সমাবেশ করার ঘোষণা দেয়া মাত্রই হরতাল ডাকা হবে। তাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। প্রয়োজনে হাজার হাজার মাওলানা জীবন দিয়ে তাদের প্রতিরোধ করবে।
পিতার বিরুদ্ধে মেয়ের অভিযোগ
বাঘায় স্ত্রীসহ ছেলে ও মেয়েকে পিটিয়ে আহত করার ঘটনায় পিতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আয়েশা সিদ্দিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, আয়েশা সিদ্দিকার পিতা জোতরাঘব গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন পারিবারিক বিষয়ে গতকাল রবিবার তার স্ত্রী ফরিদা বেগমকে মারপিট করে গুরুতর আহত করেন। এ সময় মেয়ে আয়েশা সিদ্দিকা ও তার ভাই ফারুক বাধা দিলে পিতা আমজাদ হোসেন ও তার ভাই (বাদীর চাচা) শামসুল ও আমির হোসেন তাদের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন আহত ফরিদা. আয়েশা সিদ্দিকা ও ফারুককে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাঘা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মাকসুদুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করেন।
