সূচক বাড়লেও লেনদেন বাড়েনি

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৯:৫৫
গতকাল সোমবার দেশের শেয়ার বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও লেনদেন অনেক কম হওয়ায় হতাশ বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের আস্থা সঙ্কট আর রাজনৈতিক অস্থিতিশীলতায় গত কয়েকদিন ধরে শেয়ার বাজারে অব্যাহত দরপতনের পাশাপাশি লেনদেনও কমেছে। তার উপর ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রভাবে গতকাল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৩৮ কোটি টাকা। যা গত প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ১১ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪১৮ পয়েন্ট। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৬৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ২৬৮টি কোম্পানির ৩ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ৬৫৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসই-৩০ মূল্যসূচক বেড়েছে ৮৫ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ১৮ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৭০ টাকা। লেনদেনকৃত ১৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ১৮টি কোম্পানির শেয়ারের দর। ডিএসই সূত্র জানিয়েছে, ২০১২ অর্থ বছরের জন্য ৬টি প্রতিষ্ঠান তাদের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১০ শতাংশ স্টক বোনাস, সামিট পাওয়ার ২০ শতাংশ স্টক বোনাস, বার্জার পেইন্টস ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি ৩০ শতাংশ স্টক বোনাস, লিন্ডে বিডি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং সাউথ ইস্ট ব্যাংক তার শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।