আসছে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাব নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলোচনা শুরু হচ্ছে আগামী ২ এপ্রিল থেকে। প্রথা অনুযায়ী জুন মাসে পরবর্তী অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়। অতীতে অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী ও বাজেট সংশ্লিষ্টরা জানুয়ারি মাস থেকেই বাজেট নিয়ে আলোচনা শুরু করার কথা বলেছেন। তবে প্রতিবারই বাজেট ঘোষণার কাছাকাছি সময়ে এসে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়। শেষ সময়ে তড়িঘড়ি করে প্রস্তাব দেয়া হলেও পক্ষগুলো তাদের মতামত পরিপূর্ণভাবে উপস্থাপনের সুযোগ পান না বলে অভিযোগ রয়েছে।
এবারো বাজেটের যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে তা পর্যালোচনা করে দেখা যায়, পক্ষগুলো আলোচনা করার জন্য বেশি সময় পাবেন না। তাদের কাছ থেকে এনবিআর লিখিত প্রস্তাব নেয়। তবে পক্ষগুলোর অভিযোগ, এসব প্রস্তাব বিস্তারিত পর্যালোচনার সুযোগ হয় না। ফলে প্রতিবছর এসব আলোচনা কেবল নিয়ম রক্ষার জন্যই। বাজেটে এসব প্রস্তাব প্রতিফলিত হয় না।
শেষ সময়ের বাজেট আলোচনার এই নিয়মের সাথে একমত নন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদও। তিনি এই সময়ের আলোচনাকে মাগরিব ওয়াক্তের আলোচনা হিসেবে অভিহিত করেছেন। ইত্তেফাককে তিনি বলেন, এই সময়ের প্রস্তাবের আলোকে বাজেট তৈরি করার সুযোগ প্রকৃত পক্ষে এনবিআরের থাকে না। বাজেট আলোচনা জানুয়ারি থেকে শুরু করার তাগিদ দিয়েছেন।
এনবিআরের সময়সূচি অনুযায়ী, এপ্রিলের দুই তারিখে কৃষি ও পোল্ট্রি খাতের সাথে শুরু হওয়া এ আলোচনা শেষ হবে ৩০ এপ্রিল ২০টি প্রধান চেম্বারের সাথে আলোচনার মাধ্যমে। এরপর ৭ এপ্রিল অটোমোবাইল ও ট্রান্সপোর্ট (স্থল ও নৌ), ওষুধ, ক্লিনিক ও ডায়াগনস্টিক; ৯ এপ্রিল কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন এবং বন্ড সুবিধা সংক্রান্ত রপ্তানি খাত (পোশাক, নিটওয়্যার, কম্পোজিট ও প্যাকেজিং); ১৬ এপ্রিল বন্ড সুবিধাবিহীন রপ্তানি খাত; ১৭ এপ্রিল নির্মাণ, রাবার ও প্লাস্টিক খাত; ১৮ এপ্রিল তেল, গ্যাস, খাদ্য ও পানীয়, সিগারেট, পাট, বস্ত্র ও সুতা; ২১ এপ্রিল হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউজ ও বিবিধ সেবা; ২৩ এপ্রিল ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ এবং টেলিযোগাযোগ খাত, ২৫ এপ্রিল সিএন্ডএফ এজেন্ট, শিপিং, কর আইনজীবী, ইন্ডেন্টরস, কেমিক্যালস, পেইন্ট-ভার্নিস, চামড়া, কসমেটিক্স, টয়লেট্রিজ ও জুয়েলারির সাথে আলোচনা করবে এনবিআর। এছাড়া ২৮ তারিখে আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা; ২৯ তারিখে ক্ষুদ্র, মাঝারি ও বৃহত্ শিল্প খাত এবং সর্বশেষ ৩০ এপ্রিল ২০টি প্রধান চেম্বারের সাথে আলোচনার মাধ্যমে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে। গতকাল সোমবার এনবিআরের প্রথম সচিব ও প্রধান বাজেট সমন্বয়কারী আল আমিন প্রামাণিক স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যথাসময়ে বাজেট আলোচনায় উপস্থিত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।
অবশ্য, এনবিআর সূত্রে জানা গেছে, অতীতের ন্যায় এরপরও ব্যবসায়ীদের প্রধান সংগঠন এফবিসিসিআইসহ গুরুত্বপূর্ণ পক্ষের সাথে বাজেট চূড়ান্ত করার আগে একাধিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
