মধ্যপ্রদেশে সুইস পর্যটক ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:০৭
ভারতের মধ্যপ্রদেশে সুইজারল্যান্ডের এক পর্যটককে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের একটি বনে স্বামীর সঙ্গে তাঁবুতে রাত যাপনের সময় ধর্ষিত হন ওই নারী। পাশাপাশি তার স্বামীকেও ব্যাপক মারধর করা হয়। সোমবার ছয় অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক দীলিপ আরিয়া। লাঞ্ছিত দম্পতির লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ৩৯ বছর বয়সী এই সুইস নারী ধর্ষিত হওয়ার মাত্র তিনমাস আগে দিল্লির একটি চলন্ত বাসে ২৩ বছরের এক ফিজিওথেরাপির ছাত্রী ধর্ষণ ও বাস থেকে ফেলে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। সুইস ওই নারী ও তার স্বামী বাইসাইকেলে চড়ে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। রাতে তারা একটি বনে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা করেন। রাত সাড়ে নয়টার দিকে সাত ব্যক্তি এই দম্পতির তাঁবুতে হামলা চালায়। এদের মধ্যে চারজন ওই নারীকে ধর্ষণ করে বলে শনিবার জানিয়েছিলেন আরিয়া। পরবর্তী সময়ে পুলিশী তদন্তে ঘটনায় ছয়জন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান আরিয়া। ঘটনায় জড়িত থাকার অপরাধে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন: বাবা, ভুতা, রামপ্রো, বিষ্ণু, গাজা ও নিতিন। এদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানান তিনি। এরা সবাই স্থানীয় কাঞ্জর নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক। এদের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানান আরিয়া।