জর্ডানে সড়ক দুর্ঘটনায় ১৭ ফিলিস্তিনি হাজির প্রাণহানি

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:০৭
জর্ডানে শনিবার এক সড়ক দুর্ঘটনায় ফিলিস্তিনের ১৭ হাজী নিহত হয়েছেন। তারা মক্কায় ওমরাহ পালন করে জেনিনে ফিরছিলেন। পশ্চিম তীর শহরের গভর্নর এ কথা জানান। এর আগে জর্ডানের জরুরি সেবা সংস্থা এ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও অপর ৩২ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। জর্ডানে একটি ট্রাকের সাথে তাদের বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা পশ্চিম তীরের জেনিন শহরে যাচ্ছিল। শহরের গভর্নর তালাল দিউইকাত এএফপিকে বলেন, ‘ফিলিস্তিনের ১৭ হাজী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সকলেই জেনিন থেকে এসেছিলেন।’ তিনি আরো জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। যাত্রীরা সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে দেশে ফিরছিলেন। তারা সেখানে ওমরাহ পালন করতে গিয়েছিলেন।