মিয়ানমারের ওপর থেকে সামরিক নিষেধাজ্ঞা শিথিল করবে অস্ট্রেলিয়া

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:০৭
মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। ২০১১ সাল থেকে দেশটির সামরিক শাসন অবসানের পর গণতান্ত্রিক সংস্কার শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সোমবার এই ঘোষণা দিয়েছেন। ক্যানবেরায় মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইন সফরকালে গিলার্ড বলেন, সামরিক মানবিক সহায়তা এবং শান্তিরক্ষার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। কিন্তু অস্ত্র বিক্রির ক্ষেত্রে তা নিষেধাজ্ঞা বজায় থাকবে। থিয়েন সেইনের এই সফরের মধ্যদিয়ে ১৯৭৪ সালের পর প্রথমবারের মত মিয়ানমারের কোনো নেতা ক্যানবেরা সফর করছে। ‘আজ আমরা যে উদ্যোগ নিয়েছি সেটি দু’দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ’ বলেন গিলার্ড। মিয়ানমারের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। গিলার্ড আরো জানিয়েছেন, ২০১১ সালে মিয়ানমারের সেনাশাসন অবসানের পর দেশটিতে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার শুরু হলে পশ্চিমা বিশ্ব ধারাবাহিকভাবে বিভিন্ন নিষেধাজ্ঞা হয় তুলে নিচ্ছে নয়তো শিথিল করছে।