উত্তরায় রাজউকের ২২ হাজার ফ্ল্যাট নির্মাণ দ্রুত শেষের তাগিদ

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০১
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাজধানীর উত্তরায় রাজউকের ২২ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ‘বি এবং সি’ টাইপ ফ্ল্যাট নির্মাণের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রতিবেদন পেশ ও দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তাগিদ দেয়া হয়। কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, মোঃ আব্দুছ ছাত্তার, জহিরুল হক ভূঞা মোহন, কে এম খালিদ এবং আজিজুল হক চৌধুরী সভায় অংশগ্রহণ করেন। সভায় ৬ নং ও ৮ নং সাব-কমিটির প্রতিবেদন পেশ করা হয়। সভায় মানুষের দুঃখ কষ্ট লাঘব এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে নিকুঞ্জ এলাকার বিল্ডিংগুলোর উচ্চতার ক্ষেত্রে সমতা আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।