জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলে তল্লাশি চালিয়ে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলমের নেতৃত্বে পুলিশ তল্লাশি অভিযানে অংশ নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। তল্লাশির এক পর্যায়ে মওলানা ভাসানী হলের ১০৮ নম্বর কক্ষ থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। এ সময় ঐ কক্ষে থাকা ছাত্রলীগ কর্মী বোরহানউদ্দিন ইমনকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে একই হলের ছাত্রলীগ কর্মী মোর্শেদুর রহমানকে আটক করা হয়। পিস্তলটি মোর্শেদের বলে পুলিশকে জানান বোরহানউদ্দিন ইমন। এছাড়া রফিক জব্বার হলের ছাত্রলীগ কর্মী আব্দুল মাজেদ সীমান্তের কক্ষ থেকে রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকেও আটক করা হয়। আটককৃত তিনজনকে আশুলিয়া থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সকাল ১১টায় জরুরি ডিসিপ্লিনারি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে আটককৃতদের সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত গৃহিত হয়। বিকাল ৪টার দিকে আটককৃত ছাত্রলীগ কর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন হলের জুনিয়র ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ভিসির কার্যালয় ভাঙচুর করে।
