লোহাগাড়া উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৯ জন শিক্ষক গত ডিসেম্বর থেকে চলতি মার্চ পর্যন্ত ৪ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না।
জানা যায়, গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকার জাতীয় প্যারেড স্কোয়ারে শিক্ষকদের মহাসমাবেশে চাকরি জাতীয়করণের ঘোষণা দেন। ঘোষণার পর থেকে উক্ত মাসসমূহে উপজেলার এসব শিক্ষকরা বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। উপজেলা নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ জানান, তারা সামান্য বেতনে চাকরি করেন। গত ৪ মাস ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার মিরাজ উদ্দীন জানান, বিদ্যালয় অধিগ্রহণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আমরা শীঘ্রই জাতীয়করণের তালিকা জেলা কমিটির কাছে প্রেরণ করবো।
