বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুদ্ধাপরাধীদের সকল অপকর্ম রুখতে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা। গত শনিবার জামালপুর সদর উপজেলার টেবিরচর উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ ও সুষম বন্টনে বিশ্বাসী। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাল সবুজের পতাকাকে ধরে রাখতে যুদ্ধাপরাধী রাজাকারদের প্রত্যাখ্যান করুন। টেবিরচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক কবীর আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফুন নাহার, জামালপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রেজাউল্যা খান, চেম্বার অব কমার্সের সভাপতি মো. রেজাউল করিম রেজনু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন রেজা ও জামালপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
