ইসলামপুরে অগ্নিকাণ্ড চার দমকল কর্মী আহত

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০৬
জামালপুর জেলার ইসলামপুরের পচাবহলা বাজার, মুখশিমলা ফারাজী বাড়ি ও কাশারীপাড়া গ্রামসহ ৩টি স্পটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ মার্চ আগুন নেভাতে গিয়ে উত্তেজিত দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে ৪ ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছে এবং ফায়ার সার্ভিসের কিছু মালামাল লুট হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, রবিবার রাত ৯টায় ইসলামপুরের কাশারীপাড়া গ্রামে কর্মকার বাড়িতে আগুন লাগে। এ খবর পেয়ে ইসলামপুরের ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তারা ফায়ার স্টেশনে ফেরার পথে উপজেলার মুখশিমলা ফারাজী বাড়িতে আগুন লাগার খবর পায়। তাত্ক্ষণিক ফায়ার সার্ভিসকর্মীরা ফারাজী বাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফারাজী বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে না আনতেই রাত ১১টায় ইসলামপুরের পচাবহলা বাজারে আগুন লাগার খবর পায়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা তড়িঘড়ি মুখশিমলা ফারাজী বাড়ির আগুন নিয়ন্ত্রণপূর্বক দ্রুত ছুটে যায় মুখশিমলা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পচাবহলা বাজারে। সেখানে গিয়ে তারা খুব অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু মুখশিমলা থেকে পচাবহলা বাজারে পৌঁছার পূর্বেই ৩টি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হওয়ায় স্থানীয় উত্তেজিত জনতা ও অজ্ঞাত দুর্বৃত্তরা ফায়ার সার্ভিস কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় এবং ফায়ার সাভির্সের কিছু মালামাল লুটে নেয়। দুর্বৃত্তদের হামলায় ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান ও ফায়ারম্যান কমল কুমার মালাকারসহ ৪ জন আহত হয়।