লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কাচিয়ারচর, মাতাব্বরনগর ও চর কটোরিয়া এলাকার অদূরে মেঘনা নদীতে রবিবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ে মাছ ধরার ৩২টি ট্রলার ডুবে গেছে। এ সময় ১২ জেলে আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। তবে কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় আকস্মিক ওই ঝড়ে কাচিয়ারচর, মাতাব্বরনগর ও চর কটোরিয়া এলাকার মেঘনা নদীতে ট্রলারগুলো ডুবে যায়। প্রচণ্ড ঢেউয়ের আঘাতে কয়েকটি ট্রলার দুমড়ে-মুচড়ে ভেঙ্গে যায়। এ সময় চর জগবন্ধু এলাকার আবদুল বারেক মাঝি (৪২), মো. জাকির হোসেন (৩০), আলাউদ্দিন (৩২), মোস্তফা মাঝি (৪৫) ও রইজল মাঝি এবং চর ফলকন এলাকার বাসু মাঝি (৩৫) ও হোসেন মাঝিসহ ১২ জেলে আহত হন।
আহত জেলে আবদুল বারেক মাঝি জানান, মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে তারা নদীতে পড়ে যান। পরে মাছঘাট থেকে ইঞ্জিনচালিত কয়েকটি ট্রলার গিয়ে তাদেরকে উদ্ধার করে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন জানান, ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলার মালিকদের তালিকা প্রস্তুত করার জন্য ইউপি চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। আহতদেরকে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।
