ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০৯
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়। এই উপলক্ষে দূতাবাস ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। বিকালে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহা এবং ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। হেড অফ চেন্সারী মো. নাজমুল হক আলোচনা সভাটি পরিচালনা করেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের তার বক্তৃতায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ও অসামান্য ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় এবং বঙ্গবন্ধুর ৯৩তম জন্মদিবস উপলক্ষে রাষ্ট্রদূত আকরামুল কাদের, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং মিসেস রিফাত সুলতানা আকরাম তিনটি কেক কাটেন। এর আগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মিসেস রিফাত সুলতানা আকরাম সেরা চিত্র ও রচনার জন্য শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি