সংকটে সংলাপের বিকল্প নেই

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:১০
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটে সংলাপের বিকল্প নেই। তবে শর্ত দিয়ে কোন সংলাপ হয় না। সংকটেই সংলাপের প্রয়োজন হয়। রবিবার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক পরির্দশনে এসে স্থানীয় মহুয়া রেষ্ট হাউজে যাত্রা বিরতির সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র, মস্কো, ইসরাইলের সাথে প্যালেস্টাইনের সংলাপসহ কয়েকটি দেশের উদাহরণ টেনে সরকারের এই প্রভাবশালী মন্ত্রী বলেন, এসব দেশে শর্ত দিয়ে কোন সংলাপ হয়নি। ওবায়দুল কাদের বলেন, পুনরায় এ দেশে ১/১১’র মত ঘটনা ঘটার কোন সুযোগ নেই। এ দেশে বর্তমানে যে সংকট চলছে পার্শ্ববর্তী অনেক দেশে এর চেয়ে বড় ঘটনায় ১/১১ বা গৃহযুদ্ধের মতো ঘটনা ঘটেনি। আমি আশাবাদী মানুষ। আমি আশা করি এ দেশেও এ ধরনের ঘটনা ঘটবে না। গৌরনদী সংবাদদাতা জানান, ওবায়দুল কাদের রবিবার বরিশালের গৌরনদী ভায়া পয়সারহাট-গোপালগঞ্জ সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন।