বানিয়াচংয়ে তুমুল হট্টগোলের মধ্যদিয়ে শেষ হয়েছে বিএনপির বর্ধিত সভা। দলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের বাক-বিতণ্ডায় নেতাদের মধ্যে এ হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের হৈ চৈ শুনে আশপাশ গ্রামের বাসিন্দারা দৌড়ে এসে সভাস্থলে জড়ো হন। গত শনিবার স্থানীয় হাসান মঞ্জিলে উপজেলা বিএনপির বর্ধিত সভা শুরু হয়। সভায় বিএনপির কার্যকরি কমিটির সব নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালে দলের নেতারা সাংগঠনিক নানা বিষয় নিয়ে বক্তব্য দেয়ার সময় হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়। অনেক নেতা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালেদ মিয়া বক্তব্য দেন। গতবছর ছাত্রলীগ ক্যাডারদের হামলায় আহত হলে তিনি মামলা দায়ের করেন। তার দায়েরকৃত সেই মামলার কোন অগ্রগতি না থাকার পেছনে সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরউদ্দিন আহমেদ শাহীনের ঘাপলা রয়েছে। খালেদ মিয়ার এমন বক্তব্যে বাধা দেন সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরউদ্দিন আহমেদ শাহীন। এতে দুই নেতার মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এ সময় উপস্থিত নেতারা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়লে সৃষ্টি হয় তুমুল হট্টগোলের। উপস্থিত কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
