সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:১১
তুমব্রু সীমান্তে দুই লাখ টাকাসহ উপজাতি যুবক আটক উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজার তুমব্রু সীমান্ত থেকে বিপুল পরিমাণের বাংলাদেশি টাকাসহ সন্দেহভাজন এক উপজাতীয় যুবককে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করেছে বিজিবি। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের তুমব্রু হেডম্যানপাড়া এলাকায় মিয়ানমারের ২ নাগরিকের সাথে আলাপচারিতাবস্থায় বিজিবি ধাওয়া করে মং অং টিং নামের এক উপজাতীয় যুবককে আটক করে। এসময় অপর ২ মিয়ানমারের নাগরিক পালিয়ে যায়। আটক যুবককে তল্লাশি করে এক লাখ সাড়ে ৯৫ হাজার বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়। কালকিনিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ শনি ও রবিবার দু’দিনব্যাপী কালকিনি পৌর এলাকার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মো. হানিফ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহেশপুরে তিনদিনব্যাপী কৃষিমেলা উদ্বোধন মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুরে রবিবার থেকে ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়। কৃষি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের কৃষি উপ-পরিচালক জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, টিএইচএ তাহাজ্জেল হোসেন পৌর মহিলা কলেজের অধ্যক্ষ আকবার আলী, কৃষি অফিসার আব্দুল কাদের। মোহনগঞ্জে ছিনতাইকারী চক্রের ৪ মহিলা গ্রেফতার মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার মোহনগঞ্জে রবিবার সকালে ট্রেনে ছিনতাইকালে ছিনতাইকারী দলের ৪ মহিলাকে ট্রেনের যাত্রীরা আটক করে পুলিশে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শী ও মোহনগঞ্জ জিআরপি ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি ছিনতাইকারী চক্র মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ট্রেনের যাত্রীদের স্বর্ণালংকাসহ মালামাল ছিনতাই করে আসছিল। মোহনগঞ্জ জিআরপি ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সাহেদা আক্তার (২৮) সাহেরা আক্তার (৪৫) ইতি আক্তার (২৫) ও মিনারা খাতুন (৫০)। গৌরনদীতে ধর্ষণের ঘটনায় মামলা গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠি গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের ঘটনায় রবিবার থানায় মামলা হয়েছে। তবে ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও ধর্ষিতা (২০) জানায়, সে কয়েকদিন আগে নেত্রকোনা থেকে তার মায়ের সাথে গৌরনদীর পিংগলাকাঠি গ্রামে তার ভগ্নিপতি রফিকুল গাজির বাড়িতে আসে। শুক্রবার রাতে যুবতিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভগ্নিপতির ছোটভাই মনির গাজি (২৫) ধর্ষণ করে পালিয়ে যায়। বরগুনায় কিশোরীসহ চারজনের জরিমানা বরগুনা (উত্তর) প্রতিনিধি \ ভালবাসার মানুষের সাথে দেখা করতে এসে বরগুনায় পুলিশের হাতে ধরা পড়েছে ঝালকাঠির রাজাপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীসহ ৪জন। অবশেষে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়ে রবিবার সকালে তারা মুক্তি পেয়েছে। বরগুনা থানার ওসি শীলমনি চাকমা জানান, শনিবার রাতে তারা ক্রোকের সাইফ ম্যানশনে পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ছাত্রম্যাসে অভিযান চালিয়ে ঝালকাঠির ওই কিশোরীসহ ৪জনকে আটক করেন। পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিএম হাসান মাহামুদের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিনে ২০মন মিষ্টি বিতরণ নোয়াখালী প্রতিনিধি \ বঙ্গবন্ধুর ৯৩তম জন্মদিন উপলক্ষে গত রবিবার মাইজদীতে সর্বস্তরের মানুষের মাঝে ২০ মন মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী। একই সময় এমপির নেতৃত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কয়েক হাজার নেতা-কর্মী মিছিল করে সোনাপুর থেকে মাইজদী পর্যন্ত ৫ কিমি পথ অতিক্রম করে জেলা কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ করে। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, মিয়া মোহাম্মদ শাহজাহান, আব্দুল ওয়াদুদ পিন্টু ও সহিদ উল্যা খান সোহলে প্রমুখ বক্তব্য রাখেন। ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ ঈশ্বরদী বাইপাস ষ্টেশনের অদূরে ২০৯ নং ব্রিজ এলাকায় ট্রেনে কাটা অজ্ঞাত পরিচয় (৫৫-৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।সোমবার সকালে রেল লাইনের উপর ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এলাকাটি লালপুর থানাধীন হওয়ায় ঈশ্বরদী রেল পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই ব্যক্তির পকেটে থাকা একটি চিরকুট থেকে জানা যায়, মৃত ব্যক্তির বাড়ি মাদারিপুর জেলার রাজৈর উপজেলায়। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিশ্বনাথে বঙ্গবন্ধুর ৯৩তম জন্মদিন পালিত বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ বিশ্বনাথে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ’৯৩ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশু সমাবেশ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথ শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। আলীকদমে শিশু সুরক্ষায় মুক্ত আলোচনা সভা আলীকদম (বান্দরবান) সংবাদদাতা \ বান্দরবানের আলীকদম উপজেলায় বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)এর উদ্যোগে গতকাল সোমবার স্থানীয় রিসোর্স সেন্টারে শিশু সুরক্ষা বিষয়ক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাউসের কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়ক বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ১নং আলীকদম ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প সংগঠক অজীতময় চাকমা। ডুমুরিয়ায় কৃষি ও প্রযুক্তি মেলা শুরু ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কৃষি ও প্রযুক্তি প্রকল্প (এনএটিপি) ’র উদ্যোগে গতকাল সোমবার থেকে তিন দিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে কৃষি ও প্রযুক্তি মেলা ২০১৩ শুরু হয়েছে। মধুখালী উপজেলা যুব মৈত্রীর সম্মেলন অনুষ্ঠিত মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ বেকার যুবকের কাজ চাই, সামপ্রদায়িক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গত শনিবার মধুখালী উপজেলার বাংলাদেশ যুব মৈত্রীর সম্মেলন ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কার্স পার্টি অস্থায়ী কার্যালয়ে যুব মৈত্রী নেতা মীর গোলাম মোর্তজার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মনোজ সাহা। সম্মেলন শেষে মীর গোলাম মোর্তজা সভাপতি ও মো. ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মধুখালী উপজেলা যুব মৈত্রীর কমিটি ঘোষণা করা হয়। শিবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন শিবপুর (নরসিংদী) সংবাদদাতা \ সারাদেশের ন্যায় শিবপুরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে সকাল ন’টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, সামাজিক ও সাংস্কৃতি সংগঠন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ র্যালি বের করেন। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চৌমুহনী এস এ কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন চৌমুহনী সংবাদদাতা \ জাতির জনক বঙ্গবন্ধুর ৯৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চৌমুহনী সরকারি এস এ কলেজে আড়ম্বর পরিবেশে পালিত হয়। কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও আয়োজক কমিটির আহবায়ক মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদউল্যা । বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ এ এইচ এম ফারুক। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক শরীফ মোঃ ইউনুছ, সহযোগী অধ্যাপক গোপাল চন্দ্র দেব, ছাত্রলীগ নেতা আজিম মির্জা ও নিজামউদ্দিন চৌধুরী। কসবায় সিডিসি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গত সোমবার সকালে আনন্দঘন পরিবেশে কসবা পৌর সদরের সিডিসি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিডিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক ও কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, পাক্ষিক সকালের সূর্যের নির্বাহী সম্পাদক তাছলিমা আক্তার কাকলী ও বিশিষ্ট ফটোগ্রাফার ভজন শংকর আচার্য। মহেশপুরে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা \ সোমবার সকালে উপজেলা শহরে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সর্বস্তরের মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহেশপুর বাসস্ট্যান্ড থেকে ‘ট’ বাজার রোড পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই মানববন্ধনে উপজেলা পরিষদের লোকজন, বণিক সমিতি, ভ্যান শ্রমিক সমিতি, মত্স্যজীবী সমিতি, মোটর শ্রমিক, সাংস্কৃতিক গোষ্ঠি, সাংবাদিক ঐক্য পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধা সংসদ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করে। সখীপুরে দলিল লেখক সমিতির স্মারকলিপি সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা \ টাঙ্গাইলের সখীপুরে ৭-দফা দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি সখীপুর উপজেলা শাখা। গত সোমবার সকালে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা, দলিল লেখকদের সম্মানী ভাতা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল না লেখা, জমি সংক্রান্ত মামলায় দলিল লেখকদের আসামি না করার দাবিসহ ৭-দফা দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্বরূপকাঠির বলদিয়া হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠি উপজেলার বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাহাদুর সভাপতিত্ব করেন। ভূঞাপুরে চাচাকে বিয়ে করেই অনশন ভঙ্গ ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুরের জিগাতলা গ্রামের লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্রী অবশেষে চাচা সেলিম মিঞাকে (২৩) বিয়ে করেই অনশন ভাংলেন। টানা ৩ দিন অনশনের পর গ্রাম্য সালিশে উভয় পরিবারের সম্মতিতে রবিবার রাতে বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিগাতলা গ্রামের ওই ছাত্রী শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে দূর সম্পর্কের চাচা একই গ্রামের হুরমুজ আলীর ছেলে সেলিমের বাড়িতে অনশন শুরু করেন। ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন ধামরাই সংবাদদাতা \ ‘অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক সোনার বাংলা গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য’ ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উত্সব পালনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ একথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঐ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এখলাস খান।