ভারতের সুপ্রিম কোর্টে ইতালির রাষ্ট্রদূতকে তিরস্কার

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:৪৮
ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতকে আগামী ২ এপ্রিল পর্যন্ত ভারত ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনি কোনো আইনি ছাড় পেতে পারেন না বলেও মন্তব্য করেছেন সর্বোচ্চ আদালত। খবর এনডিটিভির। ভারতের দুই জেলে হত্যার ঘটনায় অভিযুক্ত ইতালির দুই নৌ সেনার বিচার চলছিল ভারতে। গত মাসে ইতালির জাতীয় নির্বাচনে ভোট দিতে ওই দুই সেনাকে ফিরে আসার শর্ত সাপেক্ষে দেশে যাওয়ার অনুমতি দেয় ভারত। রাষ্ট্রদূত মানচিনি আদালতকে জানিয়েছিলেন, ২২ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তদের ফেরত আনা হবে। কিন্তু গত সপ্তাহে ইতালি সৈন্যদের ফেরত পাঠাতে অস্বীকৃতি জানায়। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবির গতকাল সোমবার মামলার শুনানিকালে ইতালির রাষ্ট্রদূত আস্থা হারিয়েছেন উল্লেখ করে বলেন, একজন ব্যক্তি আদালতে এসে দায়-দায়িত্ব নিয়েছেন। তাকে কোনো ছাড় দেয়া যায় না। সৈন্যদের ফিরে আসার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দেয়া চার সপ্তাহের সময় না বাড়ানোর কথাও জানান আদালত। বিচারকরা বলেন, সৈন্যরা এখন পর্যন্ত আমাদের নির্দেশ লঙ্ঘন করেনি। কারণ ফিরে আসার ব্যাপারে আদালতের বেঁধে দেয়া সময় এখনো বাকি আছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে সাগরে ভারতের দুই জেলেকে গুলি করে হত্যা করে ইতালির দুই নৌ সেনা। সেনাদের দাবি, জলদস্যু মনে করে গুলি চালিয়েছিল তারা। ইতালি সমপ্রতি ভারতের সুপ্রিম কোর্টের আদেশ চ্যালেঞ্জ করে একটি নোট পাঠায় যাতে বলা হয়, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন অনুযায়ী একজন কূটনীতিককে আটক কিংবা গ্রেফতার করা যায় না।