অগ্নিদগ্ধ ডাক্তারদের তিনজনই ‘ড্যাব’ নেতা

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২২:০৯
হরতালের আগের রাতে রাজধানীর হাতিরঝিলে চিকিত্সকদের বহনকারী একটি প্রাইভেট কারে ছোঁড়া পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ তিন চিকিত্সকই বিএনপি সমর্থিত ডাক্তারদের রাজনৈতিক সংগঠন ‘‘ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’’ -এর নেতা। এদের মধ্যে বোমার আগুণে গুরুতর দগ্ধ ডা. রকিবুল আলম ডিউকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। তার চিকিত্সায় গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা.সামন্ত লাল সেন একথা জানান। ডা. সামন্ত লাল সাংবাদিকদের জানান, দাহ্য পদার্থের কারণে তাদের শরীর ঝলসে গেছে। ডা. রকিবুল আলম ডিউকের শরীরের ৩৯ ভাগই পুড়ে গেছে। তার শ্বাসনালীও পুড়ে গেছে। তিনি শঙ্কামুক্ত নন। বর্তমানে তাকে বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে। অগ্নিদগ্ধ অপর দুই চিকিত্সকের মধ্যে ডা. ওমর ফারুক বাবু চিকিত্সা শেষে গতকাল সকালে হাসপাতাল ছেড়ে বাসায় চলে যান। তার শরীরের ৯ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল। এছাড়া ডা. রায়হান শরীফকেও প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। প্রসঙ্গত, সোমবার থেকে বিএনপির ডাকা দুইদিনের হরতাল শুরুর আগের দিন রবিবার সন্ধ্যায় অনেক গাড়ি অগ্নিসংযোগের শিকার হয়। এদিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল সড়কে চিকিত্সকদের বহনকারী একটি চলন্ত প্রাইভেটকারে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে গোটা গাড়িতে আগুণ ধরে যায়। এতে গাড়ির আরোহী ডা. রকিবুল আলম ডিউক, ডা. রায়হান শরীফ ও ডা. ওমর ফারুক বাবু অগ্নিদগ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। গুরুতর আহত ডা. ডিউকের বন্ধু ডা. সাইদ হাসান হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি (ডিউক) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগে কর্মরত। পাশাপাশি তিনি নাক, কান ও গলা রোগের বিশেষজ্ঞ। তার স্ত্রী ডা. রোমানা আলম রাজধানীর একটি চক্ষু হাসপাতালের চিকিত্সক। রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তিনি বিসিএসে উত্তীর্ণ হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজে যোগদান করেন। আহত তিন চিকিত্সকই রাজশাহী মেডিক্যাল কলেজে অধ্যয়নের সময় ছাত্রদলের নেতা ছিলেন। চিকিত্সা পেশায় যোগদানের পর তারা ড্যাবের রাজনীতির সঙ্গে জড়িত হন।