পাকিস্তানের পেশোয়ারে আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। গতকাল সোমবার চালানো এ হামলায় পুলিশ এবং মহিলা বিচারকসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।
দু’জন হামলাকারী আদালত চত্বরে ঢুকতে চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। এ সময় একজন তার কাছে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশের গুলিতে সে নিহত হয়। অন্যজন আদালত চত্বরে ঢুকে পড়ে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। আহতদের ঘটনাস্থলের নিকটের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৪ জন মৃত এবং ৩০ জনকে আহত অবস্থায় পেয়েছেন। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। দ্বিতীয় হামলাকারীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। প্রাদেশিক তথ্যমন্ত্রী জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
