আগামী ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ ও সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে গত রবিবার সংগঠনের এক জরুরি সভায় লংমার্চ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের আমীর আল্লামা শাহ আহমদ শফী এ কমিটির আহ্বায়ক। কমিটির অধীনে কাজ করার জন্য সাংগঠনিক, প্রচার ও তথ্য, অর্থ, আইন ও তদারকিসহ ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। হাটহাজারী দারুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত সভায় রাজধানীসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। সভায় ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়।
সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, শুধু শাহবাগের নাস্তিকদের প্রতিহত করাই হেফাজতে ইসলামের লক্ষ্য নয়। দেশের আনাচে কানাচে ইসলামের শত্রুরা অবস্থান করছে। তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশে দেশের নাস্তিকদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সভায় আল্লামা শাহ আহমদ শফী বলেন, নাস্তিক ব্লগার ও তাদের পৃষ্ঠপোষকরা হেফাজতে ইসলাম ও আমার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও জঙ্গিবাদের কল্প নাটক সাজিয়ে বিষেদগার করছেন। অথচ প্রশাসনের কর্মকর্তা ও দেশি-বিদেশি পরিদর্শনকারীসহ দেশের কোটি কোটি তাওহিদী জনতা দারুল উলুম হাটহাজারী মাদরাসা এবং হেফাজতে ইসলামের রাজনীতিমুক্ত শান্তিপূর্ণ অবস্থান সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল। তিনি বলেন, প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রায় প্রতিদিনই আমাদের সাথে দেখা করছেন, আমাদের পড়ালেখার পরিবেশ এবং হেফাজতে ইসলামের কর্মসূচির ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। তারা সকলেই আমাদের অরাজনৈতিক শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করছেন।
তার বিরুদ্ধে কুত্সা রটনাকারীদের চ্যালেঞ্জ জানিয়ে আল্লামা শফি বলেন, হেফাজতে ইসলাম ও ওলামা-মাশায়েখদের সাথে কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নেই। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তিনি তাদের তা প্রমাণ করে দেখানোর আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর আল্লামা হাফেজ শামসুল আলম, আল্লামা আব্দুল মালেক হালিম প্রমুখ।
