পেট্রোল ভর্তি বোতল ছুঁড়ে পিকআপ ভ্যানে আগুন

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২২:১৫
সোহেল, ইছমা গ্রুপের একজন বিক্রয় কর্মী। গতকাল সোমবার অন্যান্য দিনের মতো অফিস থেকে পিকআপ ভ্যানে করে ইউনি লিভারের পণ্য নিয়ে রওনা দেন খিলগাঁওয়ের নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকায়। দুপুরবেলা সেখানেই একটি দোকানের সামনে দাঁড়িয়ে পিকআপ ভ্যান থেকে পণ্য দোকানে পৌঁছে দেয়া হচ্ছিল। এসময় ২/৩ জন পিকেটার পেট্রোল ভর্তি একটি বোতলে আগুন জ্বালিয়ে পিকআপ ভ্যানের জানালা দিয়ে ছুঁড়ে মারে। বোতলটি ভিতরে বিস্ফোরিত হয়ে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ঐ সময় সোহেল পিকআপ ভ্যানের চালকের আসনের পাশের সীটে বসে ছিলেন। গাড়ি থেকে বের হওয়ার আগেই তার শরীরে আগুন ধরে যায়। সোহেল বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন। চিকিত্সকরা জানিয়েছেন, সোহেলের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। সাধারণত শরীরের ৪০ ভাগের বেশি অংশ পুড়ে গেলে তাকে বাঁচানো অনেকটা দুঃসাধ্য হয়ে যায়। কাভার্ড ভ্যানের চালক আল-আমিন জানান, মালিবাগে ইছমা গ্রুপের অফিস। এই প্রতিষ্ঠানটি ইউনি লিভারের পণ্য বিক্রি করে। দুপুর দেড়টার দিকে বিক্রয় কর্মী সোহেল পণ্য বিতরণ করতে ইছমা গ্রুপের ব্র্যাঞ্চ কার্যালয় মালিবাগ থেকে খিলগাঁও নন্দীপাড়া ত্রিমোহনী ছোট বটতলায় যান। সেখানে পিকআপ ভ্যান রেখে তিনি পণ্য নামানোর কাজ করছিলেন। এসময় সোহেল পিকআপ ভ্যানের মধ্যে বসে ছিলেন। এ অবস্থায় তিনজন পিকেটার পিকআপ ভ্যান লক্ষ্য করে পেট্রোলভর্তি বোতলে আগুন জ্বালিয়ে তা ছুঁড়ে মারে। অগ্নিদগ্ধ সোহেল ময়মনসিংহের কোতোয়ালী থানার হাশমত আলীর ছেলে। ইছমা গ্রুপের প্রধান হিসাব রক্ষক খায়রুল কবীর জানান, এ ঘটনায় তাদের কর্মী অগ্নিদগ্ধ এবং পিকআপ ভ্যানে থাকা প্রায় ৩ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এর আগে রবিবার রাতে হাতিরঝিলে হরতাল সমর্থকরা একটি প্রাইভেট কার লক্ষ্য করে পেট্রোলভর্তি বোতল ছুঁড়ে মারলে তিন চিকিত্সক অগ্নিদগ্ধ হন।