কেরানীগঞ্জে বালুর নিচ থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২২:১৭
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল সোমবার তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম রোডের পাশে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় মো. সোহাগ মিয়া নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । নিহতের ভগ্নিপতি মো. খায়রুল ইসলাম জানান, তিনি রাজধানীর শ্যামপুর বালুর মাঠে এক বাড়িতে ভাড়া থাকেন। নিহত সোহাগ তাদের সঙ্গেই থাকতো। সে শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিএ অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে। গত শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি। তাকে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোহাগকে না পেয়ে তার বোন রাজিয়া সুলতানা কদমতলী থানায় জিডি করেন। নিহত সোহাগের বাড়ি বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার নগরীরচর গ্রামে। পুলিশ জানান, বনগ্রাম রোডের নাট-বল্টুর ফ্যাক্টরির পাশে বালুর নিচে লাশটি পড়ে ছিল। গতকাল সকালে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।