৬ দিনেও মুক্তি পায়নি ৪ বাংলাদেশি

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২২:১৭
আটকের ৬ দিন পার হওয়ার পরও ৩ পুলিশ সদস্যসহ ৪ বাংলাদেশিকে ছাড়েনি নাসাকা। গতকাল সোমবার আটককৃতদের মুক্তির ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী নাসাকা’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । বিজিবি ১৭ ব্যাটালিয়নের কমান্ডার লে: কর্নেল খালেকুজ্জামান ইত্তেফাককে জানান, খুব শীঘ্রই পুলিশসহ আটককৃত ৪ বাংলাদেশিকে ছাড়িয়ে আনা সম্ভব হবে। মিয়ানমারের আইনী প্রক্রিয়া জটিল হওয়ায় সময় লাগছে। বিজিবি থেকে দেয়া তথ্যের সঙ্গে আটককৃতদের দেয়ার তথ্যগুলো মিলিয়ে দেখা হবে। তদন্ত শেষে মিয়ানমার সরকারের বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৪ বাংলাদেশিকে মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে নাসাকা। তিনি আরো জানান, আটককৃতরা সুস্থ আছেন এবং তাদের ঠিকমত খাবার-পানি দেয়া হচ্ছে। দু’একদিনের মধ্যে বিজিবি-নাসাকা আরো একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বিজিবি ও স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ-মিয়ানমার চীনমৈত্রী সংযোগ সড়কের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম সীমান্তের নো-ম্যাসল্যান্ড থেকে অস্ত্রের মুখে নাসাকা জওয়ানরা ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। আটককৃতরা হলেন- বান্দরবানের পুলিশ ফাঁড়ির সদস্য ইমরান হোসেন, ইরফান সরকার, কুতুপালং নিরাপত্তা ক্যাম্পের সদস্য মুজিবর রহমান এবং স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম।