রাজধানীর খিলগাঁও এলাকায় যৌতুকের জন্য সোহানা আক্তার শিল্পী (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ নিহত গৃহবধূর শ্বশুর ও শাশুড়ীকে গ্রেফতার করেছে। শিল্পী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার শের আলীর কন্যা। খিলগাঁওয়ে পলি আক্তার (৩৫) নামে আরেক গৃহবধূকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করেছে স্বামী ফারুক। পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রীনরোডে গলায় ফাঁস দিয়ে সাইফুল ইসলাম (১৮) নামে এক তরুণ ‘আত্মহত্যা’ করেছে। শাজাহানপুরে ড্রেন থেকে পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য এসব লাশ পুলিশ ঢাকা মেডিক্যাল মর্গে পাঠিয়েছে।
নিহত শিল্পীর বড়বোন সেলিনা আক্তার সাংবাদিকদের বলেন, ৩ মাস আগে খিলগাঁও ৩১৬/১/সি, দক্ষিণ গোড়ান এলাকার হাজী কামালউদ্দিনের পুত্র রুবেল আহমেদের সাথে শিল্পীর বিয়ে হয়। বিয়ের একমাস পর থেকেই স্বামী রুবেল ও শ্বশুরবাড়ির লোকজন তিন লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে শিল্পীর ওপর। টাকা দিতে অস্বীকার করায় শিল্পীর ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো রুবেল। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় আবারও শিল্পীর ওপর অত্যাচার শুরু করে রুবেল। বিষয়টি তাকে মোবাইল ফোনে জানায় শিল্পী। এ সময় মোবাইল ফোন কেড়ে নেয় রুবেল। রাত নয়টার দিকে শিল্পীর শ্বশুরবাড়িতে গেলে শ্বশুর কামাল উদ্দিন, শাশুড়ী আমেনা খাতুন ও স্বামী রুবেল সেলিনাকে শিল্পীর সঙ্গে দেখা করতে বাধা দেয়। জোরপূর্বক শিল্পীর রুমে গিয়ে মেঝেতে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন সেলিনা। খিলগাঁও থানার এসআই আবু সাইদ জানান, রাতেই লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শ্বশুর ও শাশুড়ীকে আটক করা হয়েছে। নিহতের বড় বোন সেলিনা আক্তার হত্যা মামলা করেছেন। স্বামী রুবেল পলাতক।
খিলগাঁওয়ের নন্দীপাড়ায় স্বামী ফারুকের সঙ্গে থাকতেন পলি। তার ছোটভাই জামাল জানান, গত বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে পলির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ফারুক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে মৃত্যু হয়। পুলিশ ফারুককে গ্রেফতার করেছে। পলির বাবার নাম সুরুজ মিয়া। গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া।
গ্রীন রোডের ৪৮ নম্বর আলামীন রোডের একটি টিনশেড বাসা থেকে সাইদুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে সাইদুল আত্মহত্যা করেছে। সে স্থানীয় একটি হোটেলে কাজ করতো। তার বাবার নাম আবুল হোসেন, গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। এছাড়া গতকাল দুপুরে শাজাহানপুরের গাউসুল আজম মসজিদের পাশে ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাজাহানপুর থানার এসআই মাসুদ জানান, হত্যার পর নবজাতকের লাশটি কেউ এই ড্রেনে ফেলে গেছে। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
