আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিরোধী দলীয় জোটের ডাকে গতকাল সোমবার শুরু হওয়া দেশব্যাপী হরতাল আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। হরতাল ৪৮ ঘণ্টা না ৩৬ ঘণ্টা এই নিয়ে জনমনে বিভ্রান্তির প্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দুইদিনের হরতাল কর্মসূচি শেষ হবে।
বেগম খালেদা জিয়া মুন্সীগঞ্জের জনসভায় ৪৮ ঘণ্টার হরতাল পালনের কথা বলেছিলেন। বিএনপির পক্ষ থেকে রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে টানা ৪৮ ঘণ্টা হরতালের কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে গতকাল দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, হরতাল শুরু হয়েছে সোমবার ভোর ৬টায়। শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ জানান, দুইদিনের ডাকা হরতাল শেষ হবে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায়। ১১ মার্চ নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর চালিয়ে ১৫৪ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার করা নেতাদের মুক্তি না দেয়ায় সোম ও মঙ্গলবার সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
