ক্যাম্পাস তারকা

‘বন্ধুরা সহযোগিতা করে’

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ১৮:৫২
একটি মিষ্টি মেয়ের মিষ্টি কণ্ঠ। সকালে উঠে একুশে টিভি অন করলেই শোনা যায়। তার সাবলীল উপস্থাপনা আর ছন্দময় কথার মায়াজালে সকালটিই হয়ে যেন ওঠে আরও সুন্দর। বলছিলাম শাওন দত্ত পিয়ার কথা। ইডেন মহিলা কলেজে ইংরেজিতে মাস্টার্স করছেন শাওন। একুশে টিভির কার্যালয়ে কথা হল তার সঙ্গে। জানালেন তার কাজ সম্পর্কে। তিনি বলেন, আমি নিয়মিত ‘একুশের সকাল’ এবং ‘দিনটি কেমন যাবে’ উপস্থাপনা করছি। জনপ্রিয় এই অনুষ্ঠান দু’টিতে উপস্থাপনা খুব উপভোগ করি। তিনি বললেন, ছায়ানটে নিয়মিত রবীন্দ্র সঙ্গীত শিখেছি। যদিও কাজের ব্যস্ততায় এখন আর গানটা নিয়মিত চর্চা করা হচ্ছে না। উপস্থাপনায় কেন এলেন? শাওনের জবাব, ভালো লাগে তাই। তাছাড়া প্রতিদিন নতুন কিছু নিয়ে সবার সামনে উপস্থাপন করার মাঝে অনেক আনন্দ। সেই ছোটবেলা থেকেই খবর দেখতে আর পড়তে ভালো লাগতো। একদিন সুযোগ এলো। বায়োডাটা জমা দিলাম। অডিশন দিলাম। জীবনের প্রথম অডিশনেই চান্স পেয়ে গেলাম। মিডিয়ায় কাজ করছেন, বন্ধু, মা-বাবা, শিক্ষকদের উত্সাহ কেমন? তিনি বললেন, সবাই অনেক খুশি। সবসময়ই আরও ভালো করার জন্য সবার কাছ থেকে উত্সাহ পাই। আর উপস্থাপনা আমাকে তারকাখ্যাতি এনে দিয়েছে। এই জিনিসটি খুব উপভোগ করি। নিয়মিত উপস্থাপনা, পড়াশুনার চাপ এবং ব্যস্ততা সম্পর্কে শাওন বলেন, ‘আমি এমনিতেই কাজের মধ্যে থাকতে পছন্দ করি। তাই ব্যস্ততা কখনো আমাকে কষ্ট দেয় না। তবে মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে। ভবিষ্যত্ ইচ্ছা সম্পর্কে শাওন জানান, যেহেতু উপস্থাপনা আমার প্রথম ভালবাসার জায়গা, তাই অবশ্যই দেশের খুব নামকরা একজন উপস্থাপক হতে চাই। মাস্টার্সে খুব ভালো একটা ফলাফল আশা করছি। আর উপস্থাপনার পাশাপাশি ভালো একজন শিক্ষক অথবা ব্যাংকার হওয়ার ইচ্ছা আছে।