মিতুর এগিয়ে চলা

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ১৮:৫৩
দৃষ্টি প্রতিবন্ধী মিতু। আর পাঁচজন মানুষের মত সে চোখে দেখতে পারে না, পারে না সে দেখতে পৃথিবীর কোন মানুষকে। এরপরও থেমে থাকেনি তার জীবন সংগ্রাম, বিশেষ করে শিক্ষার সংগ্রাম। এখন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রথমবর্ষের ছাত্রী। তার ইচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হবেন। মিতুর দেশের বাড়ি টাঙ্গাইল জেলায়। বাবার নাম মোহাম্মদ তারা মিয়া শিকদার, মায়ের নাম শেফালি শিকদার। বাবা কৃষি কাজ করেন। কষ্ট হলেও তিনি এই অন্ধ মেয়েটিকে পড়ালেখা শেখাতে ভুল করেননি। চার বোন এক ভাইয়ের মধ্যে সে সবার বড়। মিতু জানান, শিশু শ্রেণি থেকে এ পর্যন্ত কারও কাছে প্রাইভেট পড়েননি কিংবা কোচিং করেননি। মিতু জানান, ছয় মাসে ওর দুটি চোখ অন্ধ হয়ে যায়। মা-বাবা তার চিকিত্সার জন্য অনেক টাকা খরচ করতেন। মিতু ক্যাপটিস্টমিশন ইন্টিগ্রেটেড স্কুল থেকে এস.এস.সি পাস করে ২০১০ সালে। প্রাপ্ত জিপিএ ছিল ৪.৫৬। বেগম বদরুন্নেছা সরকারি কলেজ থেকে এইচএসিস পাস করেন। মায়ের উত্সাহ পেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চলে আসেন চট্টগ্রামে। দুই বোন পড়াশোনা করে গ্রামের স্কুলে সবুজ সেনা বিদ্যালয়ে। মিতু বলেন, আমার পরিবার আমাকে নিয়ে খুব চিন্তিত। বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে বলেন, আগে চোখে দেখার ইচ্ছা ছিল না। এখন দেখতে ইচ্ছে হয়, যখন সব বন্ধুরা এক সাথে কথা বলে দৌড়ায় তখন আমারও ওদের সাথে দৌড়াতে ইচ্ছে করে কান্না জড়িত কণ্ঠে বলেন মিতু।