গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বাড়লেও গতকালও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে দুইশ কোটি টাকার নিচে। এনিয়ে টানা ৮ কর্মদিবস ডিএসইতে লেনদেন হলো দুইশ’ কোটি টাকার কম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই শেয়ারবাজারে আস্থার সঙ্কট রয়েছে তার উপর ১৮ দলীয় জোটের ডাকা টানা দুই দিনের হরতালে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের আনাগোনা কমে গেছে। ফলে লেনদেনের উপর নেতিবাচক প্রভাব পড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ২৯ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪২৮ পয়েন্ট। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬২ কোটি ৬৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ২৭০টি কোমপানির ৪ কোটি ৩৭ লাখ ৩৫ হাজার ৭৩৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ১১৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসই-৩০ মূল্য সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ৩৪৮ টাকা। লেনদেনকৃত ১৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ারের দর।
এদিকে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে জাহিন স্পিনিং লিমিটেড। এই লক্ষ্যে ইতিমধ্যে কোম্পানিটি প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়িয়েছে। প্লেসমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি ৩৫ লাখ শেয়ার ছাড়বে। কোম্পানিটি জানিয়েছে, প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে মূলধন সংগৃহীত হলে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫২ কোটি ৮০ লাখ টাকায় উন্নীত হবে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
