অননুমোদিত ১৫৭টি প্রকল্প অন্তর্ভুক্ত হচ্ছে আরএডিপিতে

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ১৯:১৫
চলতি অর্থবছরের (২০১২-২০১৩) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার ৫০ হাজার ৩৬৬ কোটি টাকায় নামিয়ে আনা হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) আজ বুধবার অনুমোদনের জন্য উত্থাপন করা হবে আরএডিপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আরএডিপি’র মধ্যে সরকারি ব্যয় ৩১ হাজার ৮৬৬ কোটি টাকা (৬৩%) এবং প্রকল্প সাহায্য ১৮ হাজার ৫শ’ কোটি টাকা থাকছে। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, চলতি (২০১২-২০১৩) অর্থবছরে আরএডিপিতে মোট ১২০৫টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১০০১টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৫২টি ও জেডিসিএফ অর্থায়িত প্রকল্প ৫২টি। প্রস্তাবিত আরএডিপিতে নতুন অননুমোদিত ১৫৭টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৬০৫টি অননুমোদিত বরাদ্দবিহীন বিনিয়োগ প্রকল্পের একটি তালিকা আলাদাভাবে সংযোজিত করা হয়েছে।সূত্র জানায়, ২০১২-২০১৩ অর্থবছরের আরএডিপি’র আকার গত অর্থবছরের আরএডিপি অপেক্ষা ৯ হাজার ২৮৬ কোটি টাকা বেশি। গত ১৯ মে ২০১২ তারিখে এনইসি কর্তৃক অনুমোদিত মূল এডিপি’র আকার ছিল ৫৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকারি ব্যয়ের অংশ ৩৩ হাজার ৫শ’ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২১ হাজার ৫শ’ কোটি টাকা ছিল। প্রতিবছরই অর্থবছরের মাঝামাঝি সংশোধন করা হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ। চলতি অর্থবছরের প্রস্তাবিত আরএডিপিতে গুরুত্বপূর্ণ খাতসমূহের বিভাজনে দেখা যায়, বিদ্যুত্ খাতে মোট ৮৪৬৯ কোটি টাকা (১৬.৮%), পরিবহন খাতে মোট ৭৩০৬ কোটি টাকা (১৪.৫%), শিক্ষা ও ধর্ম খাতে মোট ৬৫৭১ কোটি টাকা (১৩.১%), পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে মোট ৬২৫৩ কোটি টাকা (১২.৪%), ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাতে মোট ৪৮২১ কোটি টাকা (৯.৬%), স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতে মোট ৩৯৭৭ কোটি টাকা (৭.৯%) এবং কৃষি খাতে ২৭৬৪ কোটি টাকা (৫.৫%)। ২০১২-২০১৩ অর্থবছরে আরএডিপিতে ১০টি উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দের পরিমাণ ২২৮৯ কোটি টাকা (৪.৫%)। এর মধ্যে উপজেলা উন্নয়ন সহায়তা বাবদ ৪০০ কোটি টাকা, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা বাবদ ৫ কোটি টাকা, পৌরসভা উন্নয়ন সহায়তা বাবদ ৩৭০ কোটি টাকা, জেলা পরিষদ উন্নয়ন সহায়তা বাবাদ ৩৫০ কোটি টাকা, সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা বাবদ ২১০ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা বাবদ ৯৫ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম স্থানীয় সরকার উন্নয়ন সহায়তা বাবদ ৩০ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সহায়তা বাবদ ৪০ কোটি টাকা এবং বিশেষ এলাকার জন্য (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) উন্নয়ন সহায়তা বাবদ ১৭ কোটি টাকা বরাদ্দ থাকছে। এছাড়া চলতি অর্থবছরের অবশিষ্ট তিন মাসে নতুন অনুমোদিত প্রকল্পের অনুকূলে এবং যে কোন প্রকল্পের বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে বরাদ্দের জন্য উন্নয়ন সহায়তা খাতে ৭৭২ কোটি টাকা বরাদ্দ থাকছে। তন্মধ্যে ২১৮ কোটি টাকা জিওবি এবং প্রকল্প সাহায্য ৫৫৪ কোটি টাকা রাখা হয়েছে। সূত্র জানায়, আরএডিপিতে পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ ৫৫০ কোটি টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। অর্থবছরের শুরুতে এই বরাদ্দ ছিল ৮০৪ কোটি টাকা।