বারকোডে চোর বধ!

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ১৯:৪৭
এই দুনিয়ায় হরহামেশা যেমন নানা সামগ্রী চুরি হচ্ছে তেমনি এসব চুরির কারণে ধরা পড়ে উত্তম-মধ্যম খাওয়া কিংবা পুলিশের হাত ধরে শ্রীঘরে যাওয়ার মতো পরিণতিও বরণ করতে হচ্ছে অনেককে। তবে আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের এক চোর সম্প্রতি যেভাবে পুলিশের হাতে ধরা পড়েছে সেটি তার জন্য খানিকটা দুঃখজনকই বটে। আর অদ্ভুত উপায়ে চোর ধরার এই ঘটনাটি মজার সংবাদ হিসেবে আলোচনায় এসেছে একাধিক সংবাদ মাধ্যমেও। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি লুইজিয়ানার একটি ফার্মেসির সামনের অংশ পিকএক্স বা কুঠার সদৃশ হাতিয়ার দিয়ে ভেঙে সেখান থেকে বেশ কিছু দামি ওষুধ ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় এক চোর। কিন্তু যাওয়ার সময় সে ভুলবশত ফেলে গিয়েছিল এই চুরির কাজে ব্যবহূত পিকএক্সটি। অন্য সময় হলে মামুলি এই পিকএক্স থেকে চোরকে খুঁজে বের করা সম্ভব না হলেও আলোচিত এই চোরের ফেলে যাওয়া কুঠারটিতে থাকা বারকোড আর পণ্যের দামের স্টিকার থেকেই ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। এই বারকোডের সূত্র ধরে পণ্যটি যে দোকানে কেনা হয়েছিল সেই দোকানে গিয়ে হাজির হন পুলিশের তদন্তকারীরা। এরপর ডাটাবেস থেকে পণ্যটি কেনার সময় বের করে খুঁজে বের করা হয় সেই সময়ের সিসি টিভির ফুটেজও । আর এ থেকেই বেরিয়ে আসে পিকএক্স কেনা সন্দেহভাজন সেই চোরের চেহারা। পরবর্তী সময়ে চুরির স্বীকার হওয়া ফার্মেসিটির পাশের দোকানে থাকা অপর একটি নিরাপত্তা ভিডিও থেকেও চোর সম্পর্কে নিঃসন্দেহ হয় পুলিশ। আর এভাবেই একটি বারকোডের সূত্র ধরে খুঁজে বের করা হয় চুরির সাথে জড়িত ৪৩ বছর বয়সী স্কট রড্রিগুয়েজকে।