চলচ্চিত্রে ব্যস্ততায় ইলোরা গওহর

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:০৯
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও সমান ব্যস্ততায় কাটছে এখন ইলোরা গওহরের। হাতে বেশ কটি বাণিজ্যিক ধারার চলচ্চিত্র। এর ভেতরে একটি ভিলেন চরিত্রেও কাজ করছেন। নিজের কাজের ব্যস্ততা প্রসঙ্গে ইলোরা গওহর বলেন, ‘এখন যেহেতু অনেক তরুণ নির্মাতারা একাধিক চলচ্চিত্র নির্মাণে আসছেন, তাই আমি নিজেও খুবই আগ্রহী এ ধরনের চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে। এ ছাড়া এখনকার তরুণদের গল্পগুলোও আলাদা হচ্ছে। তবে আমার মতে নির্মাতারা কিছু নতুন মডেলদের জোর করে অভিনেত্রী বানানোর একটা প্রক্রিয়া চালান। এই কাজটি না করে বরং সেই সময়টুকু একজন ভালো অভিনয় জানা পারফর্মারকে ব্রেক দিলে প্রোডাকশনটিও ভালো হয় এবং নিজের সুনামটিও অক্ষুণ্ন থাকে। এ ছাড়া অনেক সময়ই সেটে গিয়ে দেখি জুনিয়র আর্টিস্টরা সেটে আসেননি।’ হাতে বেশ কটি সিরিয়ালের ফাঁকে চলচ্চিত্রে কীভাবে সময় দেবেন এমন প্রশ্নে ইলোরা গওহর বলেন, ‘সবার আগে আমার চলচ্চিত্র প্রাধান্য পাবে। এরপর অন্যকিছু। এটা আমার নাটকের ডিরেক্টরদেরও বলা আছে।’ তবে ইলোরা গওহর খুব শিগগিরই পারিবারিক ভ্রমণে আমেরিকা যাবেন বলে জানান। ইলোরা বলেন, ‘টানা অনেকদিন শুটিং করে করে ক্লান্ত। একটু ব্রেক দরকার। পাশাপাশি নিজের আপনজনদের সাথে সময় কাটানোও জরুরি। এ কারণেই একটু ছুটি চাই।’ এ ছাড়া অন্য সিনিয়র অভিনেত্রীদের মতো তিনিও নির্দেশনায় আসবেন কিনা এমন প্রশ্নে ইলোরা বলেন, ‘আমি আসব কি আসব না। তার চেয়ে বড় কথা হলো আমি কোনো কাজের নির্দেশনা দিলে ছেলেমেয়েরা ভয়েই আমার কাজে হাত দেবে না। কারণ আমি শিডিউলের ব্যাপারে খুবই সিরিয়াস। অন্যের নাটকে আমার কোনো কো-আর্টিস্ট সিডিউল নিয়ে ঝামেলা করলে আমি রেগে যাই। কারণ আমি মনে করি, যেটা যার প্রফেশন তার সেই বিষয়ে অন্তত শতভাগ সত্ থাকা উচিত।’