একের পর এক হরতাল আর নানা কর্মসূচির কারণে চরম বিপাকে পড়েছেন যশোরের ঝিকরগাছার গদখালির ফুল চাষি ও ব্যবসায়ীরা। যানবাহন চলাচল বন্ধ থাকায় পাইকাররা আসতে না পারায় স্থানীয় বাজারে ফুল বেচাকেনায় নেমেছে ধস। চাষিরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে ফুলের রাজধানীখ্যাত গদখালিতে ফুল উত্পাদন মুখ থুবড়ে পড়বে। চলমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে।
দেশের মোট ফুল উত্পাদনের ৬৫ থেকে ৭০ ভাগই হয় যশোরে গদখালিতে। চাষ, পরিবহন, বিপণনসহ নানা কাজে এই খাতে কাজ করছেন এক লাখেরও বেশি মানুষ। সপ্তাহের প্রতিদিন গদখালিতে ফুলের পাইকারি বাজার বসে। এই বাজার থেকে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ লাখ টাকার বিভিন্ন জাতের ফুল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। কিন্তু টানা ২ দিনের হরতালে এসব হাট-বাজার বসতে পারেনি। যানবাহন চলাচল না করায় দূর-দূরান্তের পাইকাররা বাজারে আসতে পারেনি । ফলে চাষীরা তাদের উত্পাদিত ফুল বিক্রি করতে পারেনি।
পাইকারী ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, হরতালের কারণে বাজার না বসায় ফুলচাষিরা তাদের ক্ষেত থেকে ফুল তুলতে পারছেন না। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে বিক্রিযোগ্য ফুল। এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এ অঞ্চলে ফুল উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা চাষীদের। ফুল ব্যবসায়ীরা জানান, গদখালির ফুলচাষীদের সমস্যার বিষয়টি ব্যবসায়ী সংগঠনের নেতারাও গুরুত্ব দিচ্ছেন। তারা দেশের ব্যবসা-বাণিজ্যের স্বার্থে দ্রুত সরকার ও বিরোধীদলের সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের আশা করেন।
