বিভিন্ন উপজেলায় হরতাল পালন

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:২৪
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা হরতাল শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পালিত হয়েছে এ হরতাল। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো উপজেলা পর্যায়ে পালিত হওয়া হরতালের খবর। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় জিয়া শিশু-কিশোর পরিষদ একটি মিছিল বের করে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ সমর্থিতরা মিছিলে বাধা দেয়। বাধাকে ঠেলে সামনে এগিয়ে গেলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ১৩ নেতাকর্মীকে আটক করে। এছাড়াও ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় পিকেটাররা যাত্রীবাহী বাস, ট্রাক ও লেগুনাতে অগ্নিসংযোগ করে সড়ক ও মহাসড়ক অবরোধ করে। বড়াইগ্রাম (নাটোর) বড়াইগ্রাম পৌর বিএনপি লক্ষ্মীকোল বাজারে অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পৌর ভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এ্যাড. শরিফুল হক মুক্তা, সিনিয়র সহ-সভাপতি জলিল খান বাবু, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জাব্বার, বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি লুত্ফর রহমান প্রমুখ। এর আগে পৌরচত্বর থেকে উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল বের হয়ে রাজ্জাক মোড়ে পথসভা চলাকালে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কোটালীপাড়া (গোপালগঞ্জ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হরতাল হয়নি। হরতালের টানা দ্বিতীয় দিনে উপজেলা শহরের জীবনযাত্রা ছিল স্বাভাবিক । যানবাহন প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা যায় । ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিসসহ উপজেলার সকল স্কুল-কলেজ খোলা ছিল । রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের নিমগাছি বাজারে আওয়ামী লীগ- বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৬ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হরতাল চলাকালে সড়ক-মহাসড়কে কোন দূরপাল্লার যানবাহন চলেনি। অফিসপাড়া ব্যাংক-বীমায় কাজকর্ম স্বাভাবিক ছিল। উপজেলার অধিকাংশ হাট-বাজারের দোকানপাট খোলা ছিল। তবে লোক সমাগম ছিল কম। চাটমোহর (পাবনা) চাটমোহর পৌর শহরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়। চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরজ খানের নেতৃত্বে পিকেটিং হয়। পিকেটাররা দোলবেদীতলায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। অপরদিকে পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে মির্জা মার্কেট এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং হয়। হোসেনপুর (কিশোরগঞ্জ) হোসেনপুর উপজেলায় ঢিলেঢালাভাবে হরতাল হয়েছে। নাশকতার আশংকায় হোসেনপুর থানা পুলিশ গতকাল দুই বিএনপি কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলো মো. শহিদ মিয়া (৪০) ও মো. শরীফ মিয়া (২৮)। হরতালে কোন দূরপাল্লার বাস ও ভারী যানবাহন চলাচল করেনি। গোদাগাড়ী (রাজশাহী) গোদাগাড়ী উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল বা সভা-সমাবেশ হয়নি। হরতালের মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় পিকেটিং করতে দেখা গেছে। এদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মহিশালবাড়ী এলাকায় একত্রিত হয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের নজরদারির কারণে তা ভেস্তে যায়। মান্দা (নওগাঁ) নওগাঁর মান্দা উপজেলায় দোকানপাট, ব্যাংক, সরকারি- বেসরকারি অফিস-আদালত খোলা দেখা যায়নি। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা চৌরাস্তার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মুখলেছুর রহমান মকে, সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রাং, মাহবুব আলম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া নিয়ামতপুর উপজেলায়ও একই অবস্থা পরিলক্ষিত হয় বলে জানা গেছে। নিয়ামতপুর উপজেলায়ও বিএনপি ও অঙ্গ সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান চেয়ারম্যানের সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরী, সাধারণ সম্পাদক সাদেরুল ইসলাম, ইমরান চেয়ারম্যান প্রমুখ। বোচাগঞ্জ (দিনাজপুর) হরতালের সমর্থনে সকাল থেকে দিনব্যাপী বিএনপির নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নওশাদ আলী, সেতাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এম ওয়ালী ফ্লাড, বিএনপি নেতা নুরুজ্জামান সোনা, মো. আসলাম, যুবনেতা মাসুদ জাহাঙ্গীর, ছাত্রনেতা ওয়াক্কাস কাঞ্চন প্রমুখ।