বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনার পর আওয়ামী লীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে পুলিশি টহল অব্যাহত রয়েছে। গত সোমবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও মনিরুল ইসলাম মনি এমপির সমর্থক শামসুল আলম মল্লিকের নেতৃত্বে শহরে পৃথক মিছিল বের করা হয়। পৃথক মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ওসি গোলাম ছরোয়ারের উদ্যোগে দু’পক্ষ পৃথক স্থানে মিছিল করায় সংঘাত এড়ানো সম্ভব হয়। অপরদিকে এমপি গ্রুপের হরতাল বিরোধী মিছিলে অংশ নিয়ে বাড়ি যাওয়ার পথে বানারীপাড়া ফেরিঘাটে বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন, সদস্য মোঃ সেলিম ও নান্না প্রতিপক্ষের হামলার শিকার হন। ৭১ এর যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের বিচার ইস্যুতে দেশজুড়ে জামায়াত-শিবিরের তান্ডব ও নৈরাজ্যের মুহূর্তে শাসকদলে বিভাজনের ফলে এখানে বিরোধীদল সাংগঠনিক সুবিধা নিচ্ছে। নিজেরা সংঘাতে জড়িয়ে পড়ায় আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। তারা বড় ধরনের সংঘাত এড়াতে ও দলের বৃহত্তর স্বার্থে বিভাজন নিরসনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
