হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ঢাকার তেজগাঁও কলেজের ছাত্র বকুল খানকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে। অপহরণের প্রায় ৩ সপ্তাহ অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি। সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার ভাই হাজী আজমল খান। এ সময় তিনি বলেন, তাবলীগ জামায়াতের দাওয়াতী কাজ শেষে ২৮ ফেব্রুয়ারি বরিশাল থেকে লঞ্চযোগে বাড়ি ফিরছিল বকুল। সকাল ৭টায় ঢাকার সদরঘাট লঞ্চঘাটে পৌঁছলে সশস্ত্র সাদা পোশাকধারী কয়েকজন লোক বকুল খানকে আটক করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। উক্ত ঘটনায় নিখোঁজ বকুলের ভাই হাজী আজমল খান ৪ মার্চ ঢাকার কোতোয়ালী থানায় একটি জিডি করেন। ২০১১ সালে মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের রিদওয়ানুল মহসিন টিপু খুন হন। এ মামলায় মালু নামে এক ব্যক্তি গ্রেফতার হয়। সে বকুলকে জড়িয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এ অবস্থায় ছাত্রলীগ নেতা বকুলের পরিবারের দাবি, তার নিখোঁজ হওয়ার পেছনে নিহত টিপুর আত্মীয়-স্বজনের হাত থাকতে পারে।
