চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে চান্দিনা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে ওই কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করেন, কয়েক বছর যাবত্ চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পার্শ্ববর্তী চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হয়ে আসছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উপর বৈষম্যমূলক আচরণ ও হয়রানি করে থাকেন। যার ফলে প্রতি বছরে ওই কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়ে আসছে। আগামী ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অন্য যে কোন প্রতিষ্ঠানে স্থানান্তরের দাবিতে এ মানববন্ধন করা হয়।
উল্লেখ্য, একই দাবিতে গত সোমবার বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে।
