রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
পূর্ব শত্রুতার জের ধরে রায়পুরায় দুই শতাংশ জমির ফলন্ত মরিচ গাছ ও আট শতাংশ জমির প্রায় দুই হাজার বেগুন গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মির্জাপুর ইউনিয়নের পীরপুর নামাপাড়া এলাকায় রবিবার রাতে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মঞ্জুর এলাহী ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. ফায়জুর রহমানের সাথে দ্বন্দ্ব চলে আসছে। ক্ষতিগ্রস্ত কৃষক দুলাল মিয়ার অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাতে সাবেক চেয়ারম্যান সমর্থকরা এ ঘটনাটি ঘটিয়েছে।
