টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন অজি কোচ আর্থার

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:৫৩
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের বাজে পারফরমেন্সের পর ভক্ত সমর্থকদের অব্যাহত ব্যঙ্গ উপহাসের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার নিজের টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছেন অস্ট্রেলিয়া কোচ মিকি আর্থার। আর্থার বর্ডার-গাভাস্কার ট্রফিতে তৃতীয় টেস্টে পরাজয়ের একদিন পর মঙ্গলবার টুইটারে লিখেন, ‘ধন্যবাদ টুইটার, অনেক কৌতুক হয়েছে। তবে এখন আমি আমার অ্যাকাউন্ট মুছে ফেলছি। সকল সত্যিকারের ভক্তদের ধন্যবাদ।’ ব্যক্তিগতভাবে ব্যাঙ্গ/বিদ্রূপ করে অনেকেই আর্থারকে টুইট করেছেন। তাদের মধ্যে একজন লিখেছেন, ‘হেই মিকি মাউস মিকি আর্থার তৃতীয় টেস্টের জন্য কি অনেক পেসার ছিল? এখন এ ম্যাচ সিমারদের সহায়ক হবে সুতরাং তোমার প্রতি আমার পরামর্শ চার স্পিনার নিয়ে খেলো।’ আরেকজন লিখেন,‘মিকি আর্থার আজ সকালে টিম স্পিরিট কেমন ছিল? দলের সবাই কি ঠিকমত জার্সি পরেছিল?’ ১৩ বছর বয়সী এডাস লিখেছে, ‘যেভাবেই হোক এখন তোমার উচিত ক্রিকেটে নজর দেয়া।’ আরেক ব্যক্তি টুইট করেছে, ‘তুমি একটা ইডিয়ট’। -বাসস