আলফ্রেডো ডি স্টেফানো ট্রফি নিলেন রোনালদো

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:৫৩
গত মৌসুমে লা লিগায় দারুণ নৈপুণ্য দেখানো রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো আলফ্রেডো ডি স্টেফানো ট্রফি জয় করেছেন। স্বয়ং ডি স্টেফানোর হাত থেকেই গত সোমবার তিনি এই ট্রফি নেন। কিন্তু রিয়াল মাদ্রিদে থাকছেন কিনা তা নিশ্চিত করেননি পর্তুগীজ এই ফুটবলার। বরং জানান দেন আপাতত ট্রফি জয়ই তার লক্ষ্য। গত মৌসুমে লা লিগা শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের এর আগের শিরোপাটি ছিল ২০০৮ সালে পাওয়া। গত মৌসুমে বার্সেলোনাকে পেছনে ফেলে কোচ হোসে মরিনহোর দল শিরোপা জয় করে। রোনালদো দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন। এবারো ভাল খেলছেন পর্তুগাল জাতীয় দলের এই খেলোয়াড়। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও সুবিদিত রোনালদো। কিন্তু তার মাদ্রিদে থাকা না থাকা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিশেষ করে ধারণা করা হচ্ছে কোচ মরিনহোও সম্ভবত চলতি মৌসুমের শেষেই মাদ্রিদ ছাড়ছেন। এদিকে রোনালদোর ব্যাপারেও আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেইন। ডি স্টিফানোর কাছে ট্রফি নেয়ার পর তাই গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয় রোনালদোর ভবিষ্যত্ নিয়ে। কিন্তু এ আলোচনায় অনাগ্রহী ছিলেন তিনি। তিনি বরং বর্তমান প্রসঙ্গে থেকে বলেন, ‘আমরা কাপের ফাইনালে রয়েছি (কোপা ডেল রে)। চ্যাম্পিয়ন্স লিগে আমরা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছি। লিগ অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ব্যক্তিগতভাবে আমার সব কিছু ভালই চলছে। কিন্তু মাদ্রিদের হয়ে আমি বড় শিরোপা জয় করতে চাই।’ ডি স্টেফানোর কাছ থেকে বর্ষসেরা ট্রফি নিয়ে খুশি রোনালদো। তিনি বলেন, ‘আলফ্রেডো ডি স্টিফানোর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করাটা সম্মানের। সবাইকে ধন্যবাদ দিতে চাই।’ অপরদিকে রোনালদোর প্রশংসা করে স্টিফানো বলেন, ‘সে সেরা খেলোয়াড়। আমি খুশি।’