ঘাসান হিট্টোকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে সিরিয়ার বিরোধী জোট। এদিকে, ইসরাইল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন হাউরান সমভূমিতে রবিবার একটি সেনাগোয়েন্দা দপ্তর দখল করেছে বিদ্রোহীরা। এরই মধ্যে লেবানন সীমান্তের একটি অংশে সোমবার চারটি রকেট হামলা চালিয়েছে সিরিয়ার বিমান বাহিনী।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারের নেতৃত্ব দেয়ার জন্য ঘাসান হিট্টোকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির বিরোধী জোট। তুরস্কের ইস্তাম্বুলে সোমবার বিরোধীদের এক বৈঠকে তার এই নিয়োগ চূড়ান্ত করা হয়। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজ হবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকার গঠন করা।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত বিরোধী জোটের বৈঠকে হিট্টো ৪৮ ভোটের মধ্যে ৩৫টি ভোট পান। সিরিয়ার বিরোধী জোটের নেতারা এই নির্বাচনকে ‘স্বচ্ছ, গণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন। তবে সামরিক বিষয়ে হিট্টোর অভিজ্ঞতার ঘাটতির অভিযোগ তুলে জোটের কিছু জ্যেষ্ঠ নেতা ভোট দেয়া থেকে বিরত ছিলেন। দামেস্কে জন্ম নেয়া তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিট্টো কয়েক দশক যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। গত বছরের নভেম্বরে তিনি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সমন্বয়ে সহযোগিতার জন্য টেক্সাস থেকে তুরস্কে আসেন।
পাঁচদিন অবরোধ করে রাখার পর রবিবার শাগারা শহরের ইয়ারমাউক নদী তীরবর্তী সেনাগোয়েন্দা দপ্তরটি বিদ্রোহীদের দখলে আসে। রাজধানী দামেস্কের নিকটবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকাটিতে একের পর এক হামলা চালিয়ে দপ্তরটি দখল করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্রোহী কমান্ডাররা। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-সিরিয়ার যুদ্ধবিরতির পর থেকে এই এলাকাটি এতদিন শান্ত ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে জর্ডান সীমান্ত থেকে দামেস্কের প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই কৃষি সমভূমিটি বিদ্রোহীদের উপর্যুপরি হামলায় অশান্ত হয়ে ওঠে। স্থানীয় সেনা ও গোয়েন্দা দপ্তরগুলো লক্ষ্য করে বিদ্রোহীদের এসব আক্রমণ পরিচালিত হয়।
জানা গেছে, দখলকৃত গোয়েন্দা দপ্তরটি থেকে মাত্র আট কিলোমিটার দূরে সিরিয়া-ইসরায়েল সীমান্ত। বিদ্রোহী বাহিনীর ইয়ারমাউক মার্টিয়ার্স ব্রিগেড-এর সদস্য আবু আইয়াস আল হাউরানি বলেন, আজ সকালে আমরা এই পুরো গোয়েন্দা দপ্তরটি দখল করে নিয়েছি। পাঁচদিন অবরোধের পর তীব্র হামলা চালিয়ে তাদের হটিয়ে দেয়া হয়েছে।
এদিকে, লেবানন সীমান্তের একটি অংশে সোমবার চারটি রকেট হামলা চালিয়েছে সিরিয়ার জঙ্গি বিমান। কয়েকটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। দামেস্ক লেবানন সীমান্তে লুকিয়ে থাকা বিদ্রোহীদের ওপর হামলা চালানোর হুঁশিয়ারি দেয়ার চার দিন পর এ বিমান হামলা চালাল। বেকা ভ্যালির আরসাল শহরের কাছে এ বিমান হামলায় তাত্ক্ষণিকভাবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই শহরের সুন্নি মুসলিম অধিবাসীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী লড়াইয়ে নিয়োজিত বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে।
