বিশ্বের শীর্ষ ছয় শক্তির সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় অচলাবস্থা কাটাতে ইরানকে নতুন প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে ইরানের সঙ্গে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় ছয় শক্তির পক্ষ থেকে দেয়া প্রস্তাবের বিস্তারিত তুলে ধরা হয় বলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে ইইউ। ইরানি পক্ষ এটি কিভাবে গ্রহণ করেছে বা আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কিনা ওই বিবৃতিতে তা জানানো হয়নি।
২৬-২৭ ফেব্রুয়ারি কাজাখস্তানের আলমাতিতে দু’দিনের এক বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, এই ছয় জাতির পক্ষ থেকে উচ্চ পর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করার বিনিময়ে ইরানের ওপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা কিছুটা হ্রাস করার প্রস্তাব দেয়া হয়। একই বৈঠকে ১৮ মার্চ ইস্তাম্বুলে বিশেষজ্ঞ পর্যায়ে পরবর্তী আলোচনায় মিলিত হওয়ার জন্য দু’পক্ষ সম্মত হয়। ছয় জাতির বিশেষজ্ঞরা পরমাণু বিশেষজ্ঞ স্টিফেন ক্লেমেন্টের নেতৃত্বে ইরানের কাছে “বিশ্বাস তৈরির বিস্তারিত প্রস্তাব” তুলে দেন বলে বিবৃতিতে জানিয়েছেন মাইকেল ম্যান। তিনি ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টনের মুখপাত্র, ইরানের সঙ্গে ছয় জাতির আলোচনার সামগ্রিক তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন অ্যাস্টন।
ইস্তাম্বুলের বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার পর আগামী ৫-৬ এপ্রিল আলমাতিতে আবার কূটনৈতিক পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান ম্যান। পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, বিস্তারিত এই প্রস্তাবের বিষয়ে আলমাতিতে তারা ইরানের কাছ থেকে অর্থপূর্ণ সাড়া আশা করছেন। পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পরমাণু অস্ত্র নির্মাণের চেষ্টা করছে বলে পশ্চিমাদের সন্দেহ, কিন্তু নিজেদের পরমাণু প্রকল্পকে সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে আসছে ইরান।
