এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ইসরায়েল ও ফিলিস্তিন যাচ্ছেন বারাক ওবামা। এ সফরে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে মিলিত হবেন। আগামী শুক্রবার ওবামার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা রয়েছে।
জানুয়ারিতে ইসরাইলের সাধারণ নির্বাচনে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গত শুক্রবার একটি জোট সরকার গঠনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছেন নেতানিয়াহু। বুধবার থেকে শুরু হওয়া তার এ সফরের বেশিরভাগ সময় তিনি মিত্র দেশ ইসরায়েলেই থাকবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সামনে তার একটি ভাষণ দেয়ার কথা রয়েছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েলের উদ্বেগ, ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সমপ্রসারণের উদ্যোগ, মধ্যপ্রাচ্যে ইসলামপন্থিদের উত্থান এবং সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে ইসলামপন্থি নয় এমন বিদ্রোহীদের সমর্থন দেয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। খবর রয়টার্স ও ডয়েচে ভেলের।
