জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিদ্যুত্ বিভ্রাটের কারণে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। সেখানকার কুলিং সিস্টেমে (শীতলীকরণ পদ্ধতি) সমস্যার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে টোকিও ইলেকট্রিক কোম্পানি বা টেপকোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সোমবার স্থানীয় সময় ৬.৫৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ৯.৫৭ মিনিটি) এই বিদ্যুত্ বিভ্রাট শুরু হয় এবং এ সমস্যা সমাধানে দ্রুত কাজ করে যাওয়া হচ্ছে।
টেপকো জানায়, ওইদিন বিদ্যুত্ বিভ্রাটের কারণে ১,৩ ও ৪ নং চুল্লিতে তা আঘাত হানে। তবে এতে তাত্ক্ষণিক কোন বিপদের সম্ভাবনা নেই। সংস্থাটি আরো জানায়, এটা ঠিক হতে চারদিন সময় লেগে যেতে পারে। টেপকোর (টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি) মুখপাত্র কেনিচি তানাবে বলেন, আমরা পুনরায় সেখানে বিদ্যুত্ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, মঙ্গলবার ৪ নম্বর ইউনিটে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। তবে এতে ভীত হওয়ার মতো কোন কারণ নেই। তাপমাত্রা ৬৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তাকে ঝুঁকিমুক্ত বলা হয়। এছাড়া ১ ও ৩ নম্বরের তাপমাত্রাও স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, এ অবস্থা দ্রুত ঠিক করা না গেলে চুল্লির দণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার কোন সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গত শুক্রবার ফুকুশিমা পরমাণু বিদ্যুত্ প্রকল্পের ৪০ বছরের পুরোনো দাইচি-১ কেন্দ্রে এক বিস্ফোরণ ঘটে।
